নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত আরও এক

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পুর-নিয়োগ দুর্নীতিতে ফের একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনল সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পাওয়া তালিকায় দেখা যাচ্ছে, বেশ কয়েক জন রাজনৈতিক নেতানেত্রীর ঘনিষ্ঠ পরিচিত এমনকি এক প্রভাবশালী নেতার পুত্রও চাকরি পেয়েছেন। ইতিমধ্যেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথমেই গ্রেপ্তার হন ব্যবসায়ী অয়ন শীল। তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়েই হাতে আসে একগুচ্ছ ওএমআর শিট।

তদন্তকারীরা বুঝতে পারেন, স্কুল নয়, পুরসভা নিয়োগেও চলেছে একই দুর্নীতি। অয়নের সংস্থাই ছিল পুর নিয়োগের ওএমআরের দায়িত্বে। তারপর থেকেই শুরু হয় অভিযান। একে একে গ্রেপ্তার হন একাধিক মধ্যস্থতাকারী ও পুরকর্মী। সিবিআই জানিয়েছিল, কলকাতা-সহ অন্তত ১৬টি পুরসভায় অয়নের সংস্থার মাধ্যমে নিয়ম-বহির্ভূত ভাবে চাকরি দেওয়া হয়েছে। গড়ে ৫০ হাজার টাকা করে নেওয়া হত প্রতিটি নিয়োগের জন্য।