কয়েক দিন আগেই ছবিশিকারিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড অভিনেতা সলমন খান। হাসপাতালের সামনে তাঁর ছবি তোলাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, প্রকাশ্যে ক্ষমাও চাইতে দেখা যায় কয়েক জন আলোকচিত্রীকে। এরই মধ্যে সোমবার আচমকাই ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যান অভিনেতা, যা ঘিরে উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে।
সোমবার সকাল থেকেই ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছিল না সলমন খানের অ্যাকাউন্ট। ফলে নানা জল্পনা শুরু হয়। কেউ মনে করেন, অভিনেতার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আবার অনেকে অনুমান করেন, সাম্প্রতিক ঘটনাবলির জেরেই অসন্তুষ্ট হয়ে নিজেই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। যদিও কিছু ক্ষণের মধ্যেই ফের ইনস্টাগ্রামে ফিরে আসেন অভিনেতা।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। এক পরিচিত ব্যক্তিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সলমন। খবর পেয়ে সেখানে পৌঁছে যান একাধিক ছবিশিকারি। হাসপাতাল থেকে বেরিয়ে ক্যামেরার ভিড় দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিনেতা। হাসপাতালের সিঁড়ি দিয়ে নামতে নামতেই আলোকচিত্রীদের উদ্দেশে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। অভিনেতার এই আচরণ ঘিরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
