শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ: কোচবিহারের খাগড়াবাড়িতে রাজনৈতিক উত্তেজনা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ঘিরে মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁর গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়ে এবং ভাঙচুর করে। এই ঘটনার পর বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে।

এদিন কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও কোচবিহারের ১৯টি স্থানে পথসভার ডাক দেয়। অভিযোগ, শুভেন্দু অধিকারীর কনভয় খাগড়াবাড়ি চৌপথিতে পৌঁছালে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ে। সেসময় ‘চোর’ স্লোগান দেওয়া হয় এবং কনভয়ের দুটি গাড়িতে ভাঙচুর করা হয় বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশ কোনোমতে পরিস্থিতি সামলে শুভেন্দুর গাড়িটিকে সেখান থেকে বের করে নিয়ে যায়।

এই ঘটনায় বিজেপি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তবে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “খাগড়াবাড়িতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। শুভেন্দু অধিকারী উদ্দেশ্যমূলকভাবে সেখানে গাড়ি থামিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছেন। তাঁর কনভয়ের লোকেরা লাঠি বের করে আমাদের কর্মীদের উপর হামলার চেষ্টা করে। পুলিশ দ্রুত পরিস্থিতি সামলে নেয়।”

এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াবাড়িতে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।