১৪ আগস্ট, ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়ে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২০২ রানে পরাজিত হয়ে ৫০ বছরের মধ্যে ক্যারিবিয়ানদের কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারল পাক দল। এই বিশ্রী পারফরম্যান্সের পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব এক টিভি অনুষ্ঠানে বলেন, “ঠিক মতো পরিকল্পনা না করলে ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই। প্রতিষ্ঠিত অলরাউন্ডার, ব্যাটার, বোলার বা স্পিনার না খেলালে ৫০ ওভারের ম্যাচ জেতা সম্ভব নয়। আমাদের ক্রিকেটারদের মানসিকতা বদলাতে হবে এবং আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে খেলতে হবে।”
তিনি পাকিস্তানের সাদা বলের হেড কোচ মাইক হেসনের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। শোয়েবের মতে, “হেসন ভালো টি-টোয়েন্টি কোচ হলেও ওয়ানডে ফরম্যাটে তাঁর দক্ষতা নিয়ে সন্দেহ রয়েছে। আমি জানি না, ওয়ানডের জন্য তিনি কী পরিবর্তন এনেছেন।”
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ একাই করেন ১২০ রান। জবাবে পাকিস্তানের পাঁচ ব্যাটার—সাইম আয়ুব, আবদুল্লা শফিক, অধিনায়ক রিজওয়ান, হাসান আলি ও আবরার আহমেদ—ফেরেন শূন্য রানে। বাবর আজম করেন মাত্র ৯ রান। দলের সর্বোচ্চ রান সলমন আঘার (৩০)। ক্যারিবিয়ান পেসার জেডেন সেলস ৭.২ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট, যা পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন রেকর্ড।
এই হারের ফলে ৩৪ বছরে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজেও হারল পাকিস্তান। শোয়েব আখতারের মতে, “পেস সহায়ক উইকেটে সব সময় আমাদের ক্রিকেটারদের আসল চেহারা বেরিয়ে আসে।”
