দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি নির্বাচনী মন্তব্য ঘিরে শুরু হওয়া আইনি বিতর্কে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
অমিত শাহকে উদ্দেশ্য করে মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় আপাতত গ্রেফতারি বা কড়া পদক্ষেপ থেকে স্বস্তি পেলেও, আদালত স্পষ্ট জানিয়েছে অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না তিনি। একই সঙ্গে তদন্তে সহযোগিতা এবং নির্দিষ্ট নিয়ম মানার নির্দেশও দেওয়া হয়েছে অভিষেককে।
গত ২৭ এপ্রিল আরামবাগের এক সভায় নাম না করে তিনি মন্তব্য করেছিলেন, “৪ তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে।” সেই বক্তব্যকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলার শুনানিতে মন্তব্য করেন, ভোটের ফল অন্যরকম হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত বলেও আশঙ্কা ছিল। যদিও আদালত আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপে নিষেধাজ্ঞা জারি করেছে।
