নিজের পরিবারের সদস্যরা মানসিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠাতে পারে— এই ভয়ে বাড়ি থেকে পালিয়ে বিদ্যুতের হাইটেনশন টাওয়ারে উঠে পড়লেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় এই ঘটনা নজরে আসে। খবর পেয়ে কোতোয়ালি থানা এবং দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করছেন।
জানা গেছে, ওই ব্যক্তির নাম আশরাফুল হক (৪৫)। তিনি কোচবিহার জেলার জামালদার নিংড়িবাড়ি এলাকার বাসিন্দা এবং তার পরিবারে স্ত্রী ও সন্তান রয়েছে। আশরাফুলের মামা শ্বশুর আনোয়ার হোসেন জানান, পরিবারে কোনো সমস্যা নেই। কিন্তু আশরাফুল নিজেই মনে করেন যে তাকে পাগলা গারদে পাঠানো হবে, আর সেই ভয়েই তিনি বাড়ি ছেড়ে পালিয়েছেন।
ঘটনার পর আশরাফুল নিজেই ফোন করে পরিবারকে জানান যে তিনি জলপাইগুড়িতে আছেন। এরপর স্থানীয়রা তাকে টাওয়ারের উপর দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষদর্শী সুশান্ত রায় জানান, হঠাৎ করেই ওই ব্যক্তি কোনো কথা না বলে টাওয়ারে উঠে পড়েন। পুলিশ ও দমকল কর্মীদের বারবার অনুরোধ সত্ত্বেও রাত পর্যন্ত তাকে নামানো সম্ভব হয়নি। তাকে নিরাপদে নিচে নামিয়ে আনার চেষ্টা এখনো চলছে।
