নতুন পরিষেবা ব্যবস্থা শুরু হতে চলেছে রাজ্যে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে জলপথে যাতায়াত মানেই আর শুধু নৌকা কিংবা লঞ্চ নয়, এবার শুরু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা।

ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সড়কপথের যানজট কমাতে ও চাপ হ্রাস করতে আপাতত রাজ্যের ২ রুটে ওয়াটার ট্যাক্সি শুরু হতে চলেছে। একটি রুট হবে ব্যারাকপুর থেকে বাবুঘাট ও আরেকটি হবে বাবুঘাট থেকে মেটিয়াবুরুজ। একইসঙ্গে দূরপাল্লার ভেসেল চালানোর কথাও ঘোষণা করেছেন তিনি।

ভারতে কেরলের কোচিতে সর্বপ্রথম ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। সেখানকার সাফল্য দেখে দেশের আরও ১৮টি শহরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা করে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে প্রথম দফায় অযোধ্যা, বারাণসী, শ্রীনগর, গুয়াহাটি, প্রয়াগরাজ ও পাটনায় চালু হওয়ার কথা রয়েছে। তালিকায় ডিব্রুগড় ও তেজপুরের নামও আছে। শহর কলকাতা ও সংলগ্ন অঞ্চলে জলপথে যাতায়াত করেন বহু মানুষ। সেক্ষেত্রে ওয়াটার ট্যাক্সি চালু হলে তাঁদের অনেকটা সুরাহা হবে। সেই সঙ্গেই সড়কপথে চাপ ও যানজট দু’টোই কমবে বলে আশা করা হচ্ছে।