দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। নতুন সরকার জনসাধারণকে সুবিধা দিতে চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আয়ুষ্মান ভারত কার্ড করতে গেলে দরকার হচ্ছে ই-কেওয়াইসি।
এবার সেই প্রযুক্তিগত জটিলতার সমস্যা মেটাতে বড় পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। দীর্ঘদিন ধরেই প্রযুক্তিগত জটিলতা, প্রশিক্ষণের অভাব এবং পোর্টালের সমস্যায় ধাক্কা খাচ্ছিল আয়ুষ্মান ভারত প্রকল্পের ই-কেওয়াইসি প্রক্রিয়া। উপভোক্তাদের দ্রুত পরিষেবা পৌঁছে দিতে ডাক বিভাগের সঙ্গে সমঝোতা করেছে দপ্তর। ফলে খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি ডাকঘর থেকেই আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি করানো যাবে।
স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৪ লক্ষ উপভোক্তার ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। তবে রাজ্য সরকারের লক্ষ্য আরও অনেক বড়। ৬ কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কারণে বিপুল সংখ্যক উপভোক্তার নথি যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে ডাক বিভাগের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকা লক্ষ লক্ষ উপভোক্তার নথি যাচাই দ্রুত সম্পন্ন হওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা পাওয়ার পথও আরও সহজ হবে।
