সাধারণ মানুষের জন্য আসছে নয়া প্রকল্প

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। ক্ষমতায় আসার পরেই একাধিক বিনিয়োগের আশ্বাস দিয়েছে সরকার। এবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে নিউটাউনে ২০০০ বেডের একটি বড় হাসপাতাল তৈরি করতে চলেছে আদানি গোষ্ঠী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই হাসপাতালের অর্ধেক শয্যায় দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। তিনি জানান, আদানি গোষ্ঠী নিউটাউনে ২০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল তৈরির জন্য লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, হাসপাতালের ২০০০ বেডের মধ্যে ১০০০ বেড গরিব ও অসহায় রোগীদের জন্য রাখা হবে। সেখানে বিনামূল্যে চিকিৎসা মিলবে। বাকি ১০০০ বেড সাধারণ বাণিজ্যিক পরিষেবার জন্য ব্যবহার করা হবে।

নিউটাউনের অ্যাকশন এরিয়া–২-এ আদানি গোষ্ঠীর ৫১ একর জমির উপর এই প্রকল্প গড়ে উঠতে পারে। প্রাথমিকভাবে প্রায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই স্বাস্থ্য প্রকল্পটি অলাভজনক ভিত্তিতে তৈরি করা হতে পারে। সম্ভাব্য নাম হিসেবে ‘আদানি আরোগ্য মন্দির’ নামটিও সামনে এসেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় সংযোজন হতে পারে বলে মনে করা হচ্ছে।