আসছে নয়া বিল

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পূর্ব ঘোষনা মতোই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই বড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এদিন লোকসভায় পেশ হতে চলেছে কেন্দ্রীয় আবগারি (সংশোধন) বিল, ২০২৫, যেখানে তামাক ও তামাকজাত পণ্যের উপর নতুন করে সেস আরোপের প্রস্তাব রয়েছে।

বর্তমানে তামাক ও তামাকজাত পণ্যে জিএসটি ক্ষতিপূরণ সেস বসে। নতুন বিল পাস হলে এই পুরনো ক্ষতিপূরণ সেস বন্ধ করে নতুন কাঠামো আনা হবে। প্রস্তাব অনুযায়ী, ৪০% জিএসটির উপরে আরও ৭০% সেস আরোপ করা হবে। সিগারেটের ক্ষেত্রে প্রতি ১,০০০ সিগারেটের ওপর ২,৭০০ টাকা থেকে সর্বোচ্চ ১১,০০০ টাকা পর্যন্ত নির্দিষ্ট সেস বসবে। এই নির্দিষ্ট সেসের পরিমাণ নির্ভর করবে সিগারেটের দৈর্ঘ্যের উপর। সরকারের দাবি, বর্তমান ক্ষতিপূরণ সেস অ্যাকাউন্টে থাকা ঋণ ও সুদের সম্পূর্ণ নিষ্পত্তি হলেই আগের সেস তুলে নেওয়া হবে। তার পরে রাজস্ব ক্ষতি যাতে না হয়, তাই এই নতুন সেস কাঠামো আনা হচ্ছে।