বড় সিদ্ধান্ত নেওয়া হলো

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বিশ্ব বাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধির জেরে ইতিমধ্যেই চাপ বেড়েছে জ্বালানি খাতে। তার মাঝেই ATF -এ VAT কমালো দিল্লি ও মহারাষ্ট্র। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে। একই সঙ্গে বাড়তে শুরু করেছে বিমানের ভাড়াও।

এই পরিস্থিতিতে উড়ান সংস্থাগুলিকে কিছুটা স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিল দিল্লি ও মুম্বই প্রশাসন। এভিয়েশন টার্বাইন ফুয়েল বা ATF-এর উপর কর উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ফলে বিমান পরিষেবার খরচ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিল্লিতে ATF-এর উপর ভ্যাট ২৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। এই নতুন করহার আগামী ছয় মাস কার্যকর থাকবে। অন্যদিকে মহারাষ্ট্র সরকারও মুম্বইয়ে ডোমেস্টিক ফ্লাইটের জন্য ATF-এর ভ্যাট ১৮ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নামিয়ে এনেছে। দেশের অন্যতম ব্যস্ত দুই বিমানবন্দরে এই করছাড় কার্যকর হওয়ায় বিমান সংস্থাগুলির জ্বালানি ব্যয়ে বড়সড় প্রভাব পড়বে।